প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ অথবা আপত্তি নাই।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।
পোস্টে শফিকুল আলম বলেন, জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তাঁর বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন ধরনের বিধি নিষেধ রয়েছে কিনা।
প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোন বিধি নিষেধ অথবা কোন ধরনের আপত্তি নাই। তিনি আরো উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।