ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় সাড়ে চারটা পেরিয়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।
বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
এবারের নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। সে হিসাবে আরও ৬ হাজার মতো কেন্দ্রের ভোট পড়ার হিসাব যুক্ত হয়নি এখানে।
নির্ধারিত সময় অনুযায়ী, আজ সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।
মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।