আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে গতকাল সচিবালয়ের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর ও পোর্টারসহ বিভিন্ন পদে কর্মরতদের প্রতিনিধিরা অংশ নেন।
স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম, মনোয়ারা ইশরাত ও নাফরিজা শ্যামা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিরা তাদের চাকরিজীবনে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন।
জবাবে স্বাস্থ্য সচিব বলেন, ‘আপনাদের দাবি ও বঞ্চনা সম্পর্কে আমরা জানি। আজকেও একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আপনাদের বিষয়গুলো বিবেচনা করা হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের বিষয়ে অবগত আছেন এবং স্বাস্থ্যমন্ত্রীও আপনাদের কল্যাণে সব ধরনের উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। আপনাদের ন্যায্য দাবি পূরণে ব্যবস্থা নেয়া হবে। কাজেই দাবি দাওয়ার বিষয়গুলো আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি থেকে আলাদা থাকাই ভালো।’
সভায় স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবি পূরণে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো.জাহিদ রায়হানকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
সভায় আগত স্বাস্থ্য কর্মীরা সভায় তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে জানান, টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। তারা আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম করার প্রতিশ্রুতি দেন।