জাতীয়

চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অব কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রতিষ্ঠান হিসেবে পুলিশ বাহিনীকে আমরা এমন একটা অবস্থায় নিতে চাই যেখানে দুর্নীতিকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না।’

পুলিশের কাজে স্বচ্ছতার জন্য বডি অন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী, সেরকম কোনো রিপোর্ট যেন না আসে। ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি অন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। এক্ষেত্রে কিছু বডি অন ক্যামেরা আমাদের আছে, ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডেড রাখতে পারি।’