জাতীয়

দুর্নীতি রোধে সরাসরি অভিযোগ ব্যবস্থা, টেকসই উন্নয়নে জোর: প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ খাতে অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণে অতীতে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, সুবিধাভোগীদের কাছ থেকে কার্ড প্রদানের বিনিময়ে টাকা নেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এ ধরনের অনিয়ম বন্ধে সরাসরি অভিযোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বেসরকারি টেলিভিশন, ‘চ্যানেল আই’- এর জনপ্রিয় টকশো ‘ভিন্নমতে সহমত’- এ দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। তিনি এ দায়িত্বকে আল্লাহর দেওয়া একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে দেশের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানকে পদ্ধতিগতভাবে দুর্বল করে দেওয়ার প্রেক্ষাপটে সরকার কাজ শুরু করেছে।

গত ১৭ বছরে জনগণ যে বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছে, সেখান থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তাই সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অতিদ্রুত সবকিছু বাস্তবায়নের আশা করলে, তা সরকারের কার্যক্রমকে ব্যার্থ অভিহিত করতে পারে।

দুর্নীতি ও অর্থপাচার রোধকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দুটি সমস্যা নিয়ন্ত্রণে আনতে পারলে দেশের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব। অতীতে বড় প্রকল্পের নামে অর্থনৈতিক অপচয়ের সমালোচনা করে তিনি জানান, অপ্রয়োজনীয় ও নজরকাড়া প্রকল্প গ্রহণ না করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তবে পূর্ববর্তী সরকারের কোনো প্রকল্প প্রাসঙ্গিক হলে তা চালু রাখা হবে।

সমাজে দুর্নীতি প্রতিরোধে পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের ছোটবেলা থেকেই জবাবদিহিতা ও নৈতিকতা শেখাতে হবে। পরিবারের ভেতরে প্রশ্ন করার সংস্কৃতি গড়ে তুলতে পারলে সামগ্রিকভাবে সমাজে দুর্নীতি কমে আসবে।

তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে কেবল সরকারের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ।