দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখতে সব জেলা প্রশাসককে (ডিসি) মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব ডিসিকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে তেলের অবৈধ মজুত, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ এবং পাচার রোধে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
জ্বালানি বিভাগের সেই অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে।