বিএনপি ও যুগপৎ আন্দোলনের সমর্থিত প্রার্থী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পিতার কবর জিয়ারতের মাধ্যমে বাঞ্ছারামপুরে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।
আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামে পিতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ‘মাথাল’ প্রতীকে তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
গণসংহতি আন্দোলন সূত্রে জানা গেছে, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর নির্মাণের অঙ্গীকার নিয়ে প্রচারণায় মাঠে নামছেন জোনায়েদ সাকি। প্রচারণার অংশ হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করবেন।
নির্বাচনী কর্মসূচি অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘মাথাল’ প্রতীকে জোনায়েদ সাকির প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, বাঞ্ছারামপুরে একটি বিকল্প, গণমুখী ও ন্যায়ের রাজনীতির প্রত্যাশা থেকে সাধারণ মানুষের মধ্যে এই প্রচারণা ঘিরে ইতোমধ্যেই আগ্রহ সৃষ্টি হয়েছে।