মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ সকল গন্তব্যের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের গন্তব্যে ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, তারা বিমানবন্দরে যোগাযোগ না করে এবং ফ্লাইটের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেল্পলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আমাদের সম্মানিত যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করছি এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।
সংস্থাটি সংবাদ মাধ্যমে অনুরোধ করেছে যে, এই তথ্য সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক যাতে যাত্রীরা অপ্রয়োজনীয় ঝুঁকিতে না পড়েন।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে—
যাত্রীদের ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগেভাগে জানানো।
বিমানবন্দরে এয়ারলাইন্সের স্টাফ উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করা।
পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করা, যাতে যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত রুটসমূহে ভ্রমণের পরিকল্পনা থাকা যাত্রীরা নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে।