জাতীয়

সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নেও প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত দুইটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, সরকারের নির্বাচনী ইশতেহার, ৩৩ দফা এবং জুলাই সনদে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত যে অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের করণীয় নিয়ে টিআইবির পক্ষ থেকে কিছু সুপারিশ ও সংশ্লিষ্ট ডকুমেন্ট সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিলাম। প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে তিনি প্রায় শতভাগ একমত। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছর সম্মেলনটি হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা মনে করি ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের জন্য এটি উপযুক্ত সময়। এ বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ এই সম্মেলন আয়োজনের চেষ্টা করবে।

তিনি বলেন, এর মাধ্যমে দেশবাসী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এই বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।