জাতীয়

হামের টিকার আওতায় ১ কোটি ৬১ লাখ শিশু: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গে ৩ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না।’

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, ইতোমধ্যে ১ কোটি ৬১ লাখ শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ টিকাদানের লক্ষ্য অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এবার হাম নিয়ে যে সংকট তৈরি হয়েছে, ভবিষ্যতে অন্য কোনো রোগ কিংবা হাম নিয়েও এমন পরিস্থিতি হবে না। ন্যূনতম সভ্য জাতি হলে এসব বিষয়ে সমস্যা করা উচিত নয়।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের শিশু মৃত্যুর মতো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তবে টিকার বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে এবং এবার বড় ধরনের ডেঙ্গু প্রকোপ হবে না বলে আশা করছে সরকার।’

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় ফুয়েল পাস ব্যবস্থা চালু থাকবে।’

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোথাও লোডশেডিং করতে হয়নি। তবে উৎপাদন ঘাটতি, সঞ্চালন লাইনের ত্রুটি কিংবা বিদ্যুৎকেন্দ্রের সমস্যার কারণে কোথাও কোথাও সংকট দেখা দিতে পারে। গরম বাড়লে সীমিত আকারে লোডশেডিং হতে পারে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সুষমভাবে লোডশেডিং করার চেষ্টা করবে সরকার।

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন সাড়ে ৭ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘স্থানীয় কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছেন।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এ বছরের শেষ দিকে নির্বাচন শুরু হতে পারে এবং ধাপে ধাপে তা সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। উপজেলা পরিষদকে দুর্বল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রমও অব্যাহত আছে।’

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের পর সেই ক্ষমতা আর নেই এবং খুব বেশিদিন সশস্ত্র বাহিনীকে মাঠে রাখা হবে বলে মনে হয় না।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘পুরো রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’ পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় বাংলাদেশ নিয়ে যেসব বক্তব্য দেয়া হচ্ছে, সেগুলোকে তিনি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন। সরকার গঠনের পর দুই দেশের মধ্যে সুন্দর সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন।