প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনা এবং খরচের খাতগুলো যৌক্তিকভাবে যাচাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ব্যয়ের দিক থেকে সংযত থাকা এবং প্রতিটি খাতে ব্যয়ের যৌক্তিকতা খতিয়ে দেখার বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট।
সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে বলে জানান তিনি। কিছু প্রকল্পে শর্ত আরোপ করা হয়েছে এবং কয়েকটির ক্ষেত্রে বিভিন্ন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।