প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
প্রশাসনিক দক্ষতা, সৃজনশীল মনন আর প্রাতিষ্ঠানিক নেতৃত্বের এক বিরল সংমিশ্রণ ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই পদে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন। একজন দক্ষ আমলা হওয়ার পাশাপাশি তিনি একজন গবেষক, কবি, গীতিকার এবং শিক্ষাবিদ হিসেবেও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বহুমুখী নেতৃত্ব ও বর্তমান দায়িত্ব
বিদেশগামী অভিবাসী শ্রমিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং রেমিট্যান্স বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি তিনি বর্তমানে গুরুত্বপূর্ণ তিনটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের শীর্ষ পদে রয়েছেন:
· চেয়ারম্যান, বোয়েসেল (BOESL) পরিচালনা পর্ষদ।
· সভাপতি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড পরিচালনা পরিষদ।
· চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ ব্যাংক পরিচালনা পর্ষদ।
ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া,
সিনিয়র সচিব,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
মেধার অনন্য স্বাক্ষর ও শিক্ষাজীবন
ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাফল্যের বুনিয়াদ তৈরি হয়েছে তার অসাধারণ শিক্ষা জীবনে। তিনি কুমিল্লা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগে যথাক্রমে ১৫ ও ১৭তম স্থান অধিকার করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিষয়ে এবং ব্রিটিশ ইতিহাসের ওপর গবেষণা করে তিনি পিএইচডি (Ph.D) লাভ করেন।
বর্ণাঢ্য কর্মজীবন: অধ্যাপনা থেকে মাঠ প্রশাসন ও কূটনীতি
অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করা ড. ভূঁইয়া বরুড়া শহীদ স্মৃতি কলেজ, শেখ বোরহানুদ্দিন কলেজ, অতিশ দীপংকর ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে ১৯৮৪ সালে (৫ম ব্যাচ) বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে তার বর্ণাঢ্য প্রশাসনিক যাত্রা শুরু হয়।
· মাঠ প্রশাসন: তিনি মৌলভীবাজারের টিএনও এবং মাগুরা ও মাদারীপুর জেলার জেলা প্রশাসক (DC) হিসেবে দায়িত্ব পালন করেন। মাগুরা জেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় এনে তিনি ইউনিসেফের প্রশংসা এবং জাতীয় সম্মাননা অর্জন করেন।
· কূটনৈতিক দায়িত্ব: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাত বছর দায়িত্ব পালনকালে তিনি জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, কার্যালয় প্রধান এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে কাজ করেন। এছাড়াও সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল, হেড অব চ্যান্সেরি ও ভারপ্রাপ্ত কনসাল জেনারেল হিসেবে প্রবাসীদের সেবায় নিয়োজিত ছিলেন।
· অন্যান্য গুরুত্বপূর্ণ পদ: তিনি রাজউকের সচিব, পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের ডিরেক্টর, মেহেরপুর জেলা পরিষদের সিইও এবং বিআরটিসির পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৫ সাল থেকে তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পে এবং বাংলাদেশস্থ বিশ্বব্যাংক কার্যালয়ে 'Social Safety Net' টিমের পরামর্শক হিসেবেও কর্মরত ছিলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫
বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের কাণ্ডারি
সিনিয়র সচিব হিসেবে তিনি বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসী কর্মীদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখছেন:
· জাপানের সাথে কৌশলগত সম্পর্ক: ২০৪০ সালের মধ্যে জাপানে ১ কোটি ১০ লাখ শ্রমিকের চাহিদা মেটাতে তিনি সে দেশের ভাইস-মিনিস্টার ওয়াতানাবে ইয়োইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তার উদ্যোগে মন্ত্রণালয়ে একটি বিশেষ 'জাপান সেল' প্রতিষ্ঠা করা হয়েছে।
· সৌদি আরবে দক্ষতা নিশ্চিতকরণ: সৌদি আরবে দক্ষ কর্মী পাঠাতে তিনি তাকামল হোল্ডিং-এর সাথে সমন্বয় করছেন, যেখানে ১৮৮টি পেশায় দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
· প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা: গালফ হেলথ কাউন্সিলের সাথে বৈঠকের মাধ্যমে তিনি প্রবাসীদের মেডিকেল টেস্ট সহজীকরণ এবং ঢাকার বাইরে আঞ্চলিক তদারকি অফিস স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিদেশগামী অভিবাসী শ্রমিকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন
বাংলাদেশ ও ইরাকের মধ্যে প্রথম যৌথ কমিটির সভা
সৃজনশীলতার বিচিত্র আঙিনা ও সাংগঠনিক নেতৃত্ব
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কেবল দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ নন, তার সৃজনশীল সত্তা অত্যন্ত প্রখর।
· এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪টি।
· ইংরেজি রোমান্টিক কবি জন কীটসের ওপর তার উচ্চতর গবেষণাপত্র ‘সিগ্নিফাইং সাফারিং এন্ড দি সাবলাইম ইন ইংলিশ রোমান্টিক পয়েট্রি- ইসপেশ্যালি ইন দি পয়েট্রি অব জন কীটস’ তার মননশীলতার চমৎকার পরিচয় দেয়।
· বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে তার দুই শতাধিক নিবন্ধ, কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
· তিনি বাংলাদেশ বেতার ও বিটিভির একজন নিবন্ধিত গীতিকার এবং প্রায় দুই শতাধিক গানের বাণী রচনা করেছেন।
সাংগঠনিক ক্ষেত্রে তিনি বিসিএস ‘৮৪ ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ লিমেরিক সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঊষসী সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠি, অফিসার্স ক্লাব ঢাকা এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গর্বিত সদস্য।
সৌদি TAKAMOL হোল্ডিং এর প্রধান কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
গালফ হেলথ কাউন্সিলের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া
ব্যক্তিগত ও পারিবারিক জীবন
১৯৫৮ সালে কুমিল্লা জেলার বরুড়া থানার জোড়পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই কৃতি ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে তিনি দুই প্রকৌশলী সন্তানের (কৌশিক মাহমুদ কিংশুক এবং আশিক মাহমুদ হৃৎশুক) জনক। তার স্ত্রী রাশিদা ভূঁইয়া একজন স্বনামধন্য ও নিবেদিত সমাজকর্মী, যিনি ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট-এর প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক ‘অলিভার গোল্ডিং অ্যাওয়ার্ড’ (Oliver Golding Award) লাভ করেছেন।
কর্মজীবনের প্রতিটি ধাপে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার মেধা ও সততার স্বাক্ষর রেখে চলেছেন। প্রশাসনিক কঠোরতা আর সাহিত্যের কোমলতার এই সেতুবন্ধন তাকে আজকের প্রজন্মের কাছে এক অনুকরণীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
KOICA টিমের সাথে সাক্ষাৎ
ফিজি প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক বৈঠক