রাজনীতি

দেশের শীর্ষ আলেম ওলামাদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ শিরোনামের সংবাদকে প্রতিক্রিয়া হিসেবেতিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জাতির ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ও উলামাদের এই স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। তিনি আরও বলেন, আলেম ও উলামাদের অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে সঠিক নির্দেশনা পাবেন।

বিএনপির চেয়ারম্যান ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।