শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গবেষণা হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। উস্তাদরা ইঞ্জিন, আর ছাত্ররা সেই ইঞ্জিনের ‘র’ ম্যাটেরিয়ালস। তবে এখন ছাত্ররা মূল টেক্সট বই বোঝা ও মুতালা কম করছে। উস্তাদরা নিজের সন্তানের মতো ছাত্রদের ভালোবাসে, সবকিছু কষ্ট করে মুখে তুলে দেন। আমরা চাই, প্রত্যেক ছাত্র হবে নিজের জন্য যোদ্ধা, পরীক্ষার জন্য নয়, নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। সেক্ষেত্রে জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই।
সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, নবীজীর জামানায় প্রতিষ্ঠান ছিল না, তবু তাদের জ্ঞান কম ছিল না। তারা কোরআন রপ্ত ও সুন্নাহ বোঝার চেষ্টা করতেন। ছাত্র বন্ধুদের অনুরোধ, ফিরে আসো কিতাবের ময়দানে, উস্তাদদের দেয়া শেখা গ্রহণ করো, কিন্তু টেক্সট বই বাদ দিও না। শিক্ষা জাতির মেরুদণ্ড; সবাই তা থেকে নিজের পাওনাটা নাও।
তিনি আরও বলেন, যারা একসময় এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, এখন হয়তো উস্তাদ বা প্রশাসনিক দায়িত্বে আছেন। ভুলবেন না, আপনাকে গড়া হয়েছে এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা রাখুন, ঘাটতি দেখলে সমালোচনা নয়, নিজে পূরণ করার চেষ্টা করুন।
জামায়াত আমির বলেন, সমাজে যত বেশি ঈমানদার ও মুত্তাকী থাকবে, সমাজ তত সুন্দর হবে। আমরা চাই মেধাবী, চরিত্রবান, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাশীল ট্যালেন্ট। তামিরুল মিল্লাত সেই আশা পূরণে আরও বেশি অবদান রাখবে।