রাজনীতি

ভোটের মাঠে অর্থের ছড়াছড়ি না থামলে সুষ্ঠু নির্বাচন হবে না: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ভোটের মাঠে অবৈধ অর্থের ছড়াছড়ি রুখতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে এ ধরণের অতীত রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, ‘অতীত পরিচয় যাই হোক, সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।’

তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে সরকারের বর্তমান আন্তরিক অবস্থান ভোটের দিনেও বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতাকর্মীরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মতো কলঙ্কিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।’