ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এনসিপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আসাউজ্জামান। অভিযোগের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
একপর্যায়ে শাহেদ আহমেদের সঙ্গে থাকা এক ছাত্রদল কর্মী পাটোয়ারীর দিকে ডিম ছুড়ে মারেন ও তাকে হামলার চেষ্টা করেন।
এ সময় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাটোয়ারীকে ঘিরে ফেলেন। তার মাথায় হেলমেট পরিয়ে দেন ও হামলা থেকে রক্ষা করেন।
পরে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও পাল্টাপাল্টি স্লোগানে জড়িয়ে পড়ে।
ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে এসেছিলেন।’
ছাত্রদল কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ তোলেন তিনি।
ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড পেইজ থেকেও এ ঘটনাকে ‘ছাত্রদল-যুবদলের পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ বলে অভিযোগ করা হয়েছে।