রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে SRB-1।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে হত্যা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, নাশকতা, মারধর, চুরি, ভাঙচুর ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলা রয়েছে।
মামলাগুলোর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই থানায় ২০২৬ সালের ২ জুন দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৫ ধারায় মামলা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে একটি মামলা করা হয়। ২০২৫ সালের ৫ জুন দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ রয়েছে।
২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় মামলা হয়েছে।
এ ছাড়া ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। এর একটিতে দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়। অন্য মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায় মামলা করা হয়। ওই মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।