রংপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে গণভোটে 'হ্যাঁ' এবং নিজ দলের প্রতীক ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে পরিবর্তন আনতে হলে সর্বস্তরের জনগণকে সামনে আসতে হবে। নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে জনগণকে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করেনি। যেখানে দ্বিমত আছে, তা প্রকাশ্যে বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান করতে হবে।
উত্তরাঞ্চলের এই এলাকা সর্ম্পকে তিনি বলেন, রংপুর বিভাগ অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। শুধু দরকার সঠিক ব্যাক্তি ও সঠিক নেতৃত্বের। আবু সাঈদের রক্ত মেশানো পবিত্র মাটি রংপুর। জুলাই শহীদদের ত্যাগের মূল্যয়ন তখনই করতে পারবো, যখন জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধকার প্রতিষ্টা করতে পারবো।