রাজনীতি

‘এনসিপি আর যাই হোক, চেঞ্জমেকার হয়ে উঠতে পারবে না’—ভিন্নমতে সহমত অনুষ্ঠানে সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক

গত ১৩ই নভেম্বর সামান্তা শারমিন 'ভিন্নমতে সহমত'-এর সেটে এসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক আমূল পরিবর্তনের যে স্বপ্ন আন্দোলনকারীরা এমনকি তিনি নিজেও দেখেছিলেন, তা পরবর্তীতে কোনো রাজনৈতিক দলই পূরণ করতে পারেনি; বরং পুরোনো বন্দোবস্তেই নতুন দলগুলোও অভ্যস্ত হয়েছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা অন্যতম দল এনসিপির উদাহরণ দিয়ে যুক্তি সহকারে ব্যাখ্যা করে বলেন যে, পুরোনো দলগুলোর ধারা থেকে বেরিয়ে আসার প্রমাণ তো দূরে থাক, পুরোনো বন্দোবস্তের অন্যতম নিদর্শন নির্বাচনের জন্য জোটে যোগ দেওয়া—এনসিপি তো ১১ দলীয় জোট অর্থাৎ নির্বাচনে জামায়াতের সাথে জোট করে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালো। এমন প্রেক্ষাপট তরুণ সমাজের রাজনীতিতে সম্পৃক্ততার জন্য খুবই হতাশাজনক। বিশেষ করে গণ-অভ্যুত্থানের পরে সকল জনগণ এবং তরুণ সমাজের অংশগ্রহণে যে বাংলাদেশ গড়ে তোলার কথা হয়েছিল, তা মাঠে মারা যাওয়ার উদ্বেগের জন্ম দেয়।

তিনি জাতীয় নাগরিক পার্টিতে অসম্পূর্ণ কাজের বর্ণনা দিতে গিয়ে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্রের জায়গায় এবং বাংলাদেশ নিয়ে পরিকল্পনার জায়গায় তাঁর অসম্পূর্ণতার কথা জানান। একই সাথে তিনি অকপটে স্বীকার করেন, ভিন্নমতের কারণে দল ছেড়ে দেওয়া কোনো পরিণত রাজনৈতিক ব্যক্তির কাজ হতে পারে না। তবে তিনি আক্ষেপ জানান যে, ভিন্ন মতের আধার হিসেবে তিনি এনসিপিকে গড়ে তুলতে পারেননি। এনসিপি ছেড়ে দেওয়ার প্রশ্নে তিনি দলটির মূল জায়গা থেকে সরে আসার দিকটি তুলে ধরেন। একই সাথে তিনি দায়িত্ব নিয়ে দাবি করেন যে, এনসিপি আর যাই হোক, চেঞ্জ মেকার  হবে না। এনসিপির ১১ দলীয় জোটে যুক্ত হওয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে অসম্মান করা এবং দলটির মৌলিকতাকে বিসর্জন দেওয়ার শামিল। তাঁর কথায় উঠে আসে এনসিপির নিরাপত্তার অজুহাতে ১১ দলীয় জোটে যুক্ত হওয়ার প্রসঙ্গ, যেখানে তিনি বলেন শহীদ হাদীর হত্যাকে নিরাপত্তার অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে বলে মনে হয়। তবে একই সাথে তিনি ইতিবাচক গুণ হিসেবে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবি এবং তরুণ নেতৃত্বের প্রশংসা করেন।

নারী নেতৃত্বের প্রশ্নে তিনি উল্লেখ করেন, এই জুলাই অভ্যুত্থান যদিও নারীদের কারণেই সফলতা অর্জন করেছে, তবুও ঐকমত্য কমিশনে অভূতপূর্ব রাজনৈতিক সিদ্ধান্তের ঐক্যমত দেখা যায় ৩৩% নারী অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেকটি দলই অপারগতায়। পুরুষের আধিপত্য কমাতে এবং নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের কাঠামোগত সংস্কার আবশ্যক যার মধ্যে আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক আধিপত্য এবং ক্ষমতার বলয়ের প্রভাব কমাতে হবে। একই সাথে তিনি সমাধানের প্রতিবন্ধকতার জায়গায় বলেন, কোনো রাজনৈতিক নারীর সাথে প্রতিযোগিতার মাঠে সকল অবস্থায় শুরুতেই নারীর চরিত্রহরণের চেষ্টা—অর্থাৎ তাঁর নামে কুৎসা রটানো এবং ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন কথা ছড়ানো সত্ত্বেও কোনো রাজনৈতিক দলের ওই সকল পুরুষ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াই এর জন্য দায়ী। যদি রাজনৈতিক দলগুলো নারীকে সম্মানের জায়গায় এতটা উদাসীন না হতো, তবে রাজনীতিতে আরও নারীর অংশগ্রহণ বাড়তো বলে তিনি দাবি করেন। এই ক্ষেত্রে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি তাঁর এনসিপির সাথে থাকার সময়ের অভিজ্ঞতায় উল্লেখ করেন যে, বেশ কিছু ক্ষেত্রে তিনি পার্টির পাশে থাকলেও পার্টি তাঁর পাশে থাকেনি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞতার অভাব আছে—এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বেশ কিছু সাম্প্রতিক ঘটনা উল্লেখ করেন এবং মেধার ভিত্তিতে রাজনৈতিক নেতৃত্ব তৈরি এখন সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যাবেন—এই প্রত্যয়েই তিনি আগামী পথে হাঁটবেন।