বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চলমান আন্দোলনে আন্দোলনকারী ঢাকাবাসীর ওপর বহিরাগতরা ভয়াবহ হামলা চালিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টা থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হলে বহিরাগতরা আচমকা হামলা চালায় বলে জানা গেছে।
হামলায় আহত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে প্রতিদিনের মতো শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীরা নগর ভবনের গেটে অবস্থান করছিলেন। এ সময় বেশকিছু যুবক দেশীয় অস্ত্রসহ হামলা করেছেন তাদের ওপর।
এ হামলা থেকে বাদ যাননি সাংবাদিকরাও। হামলাকারীরা চাকু দেখিয়ে উপস্থিত সাংবাদিকদেরও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।
এই হামলায় বেশকিছু আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। আন্দোলনকারী মনির, জসীম, মহিদুল, জুয়েল, কাইয়ুম, দিনার, জনিসহ বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা ভর্তি হয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতম হিসেবে পরিচিতি প্রকৌশলী রুবেলের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী।
আরিফ চৌধুরীও এ হামলায় তিনি আহত হয়েছেন বলে জানান।
তিনি বলেন, ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুদকে অভিযুক্ত সিটি করপোরেশনের প্রকৌশলী রুবেল বহিরাগতদের সংগঠিত করে এ হামলা চালিয়েছেন। রুবেল অবৈধ মেয়র (সাবেক) ফজলে নূর তাপসের ঘনিষ্ঠতম সহযোগী হিসেবেও পরিচিত। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে এ রুবেল সিন্ডিকেটের মাধ্যমে সিটি করপোরেশনের সকল ঠিকাদারি কাজ ভাগ বাটোওয়ারা করতেন বলেও অভিযোগ রয়েছে।