খেলার খবর

আফকন ট্রফির বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন কনফেডারেশনের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

অবশেষে নানা বিতর্ক আর দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করলেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের মহাসচিব ভেরন মোসেঙ্গো ওমবা। চাপ আর সমালোচনার মুখে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন সিএএফ মহাসচিব।

মূলত, সেনেগালের কাছ থেকে বিতর্কিতভাবে শিরোপা কেড়ে নেওয়াসহ একাধিক ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। যদিও নিজের বিদায়কে তিনি অবসর হিসেবে দাবি করেছেন, তবে বাস্তবতা ভিন্ন।

গত জানুয়ারিতে আফকন ফাইনালে মাঠ ছাড়ার অভিযোগে সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পর থেকেই উত্তাল ছিল মহাদেশটির ফুটবল অঙ্গন।

এছাড়া দুর্নীতির অভিযোগ এবং ৬৩ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ নির্বাহী কমিটির সদস্যরাই।

বিদায়ী বিবৃতিতে মোসেঙ্গো-ওমবা নিজেকে নির্দোষ দাবি করলেও এই সংকট কাটাতে এখন সিএএস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।

অবশ্য সভাপতি প্যাট্রিস মোতসেপে জানিয়েছেন সেনেগালের আপিলের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই মাথা পেতে নেবে সিএএফ।