খেলার খবর

সাওয়ের বিশ্বরেকর্ড, প্রথমবারের মতো ২ ঘণ্টার কমে ম্যারাথন শেষ করতে দেখল বিশ্ব

নিজস্ব প্রতিবেদক

ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান সাওয়ে। এক সময় মনে করা হতো ২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করা হয়ত সম্ভব হবে না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন কেনিয়ার এই দৌড়বিদ। লন্ডন ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সাওয়ে।

রোববার (২৬ এপ্রিল) তিনি ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জেতেন।

প্রথমবারের মতো ২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করার ইতিহাসের সাক্ষী হয়েছে বিশ্ব। শুধু সাওয়ে নন, দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচাও দুই ঘণ্টার নিচে দৌড় সম্পন্ন করেছেন। কেজেলচাও দৌড় সম্পন্ন করেছেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে। আর ২ ঘণ্টা ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন উগান্ডার জ্যাকব কিপলিমো। এর মাধ্যমে এই তিনজনই ভেঙে দিয়েছেন কেলভিন কিপটামের আগের বিশ্বরেকর্ড। ২০২৩ সালের ৮ অক্টোবর শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে দৌড় সম্পন্ন করে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই কেনিয়ান কিংবদন্তি।

জয়ের পর সাওয়ে বলেন, 'এটা আমার জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা শুরুটা খুব ভালো করেছিলাম এবং শেষের দিকে আমি নিজেকে খুব শক্তিশালী অনুভব করছিলাম। আমার প্রতিদ্বন্দ্বীরাও আমাকে অনেক সাহায্য করেছে এই রেকর্ড ভাঙতে। সময়টা দেখে আমি ভীষণ আনন্দিত। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম আজ সফল হয়েছে।'

পুরো দৌড়ে তিনি প্রতি কিলোমিটারে গড়ে ২ মিনিট ৪৯ সেকেন্ড গতিতে দৌড়ান।

দ্বিতীয় স্থানে থাকা কেজেলচা ১:৫৯:৪১ সময় নিয়ে নিজের দেশের রেকর্ড গড়েন এবং এটি ছিল ম্যারাথন অভিষেকে ইতিহাসের সেরা পারফরম্যান্স। অন্যদিকে কিপলিমো ২:০০:২৮ সময় নিয়ে উগান্ডার সেরা রেকর্ড করেন।

দৌড়ের শুরুতে সাওয়ে, কেজেলচা, কিপলিমো, অলিম্পিক চ্যাম্পিয়ন তামিরাত তোলা, ২০২২ সালের লন্ডন ম্যারাথন বিজয়ী আমোস কিপরুতো এবং দেরেসা গেলেটার মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। তবে ৩০ কিলোমিটারের পর সাওয়ে ও কেজেলচা এগিয়ে যান এবং সেখান থেকেই ফারাক তৈরি হতে শুরু করে।

শেষ এক কিলোমিটারে সাওয়ে গতি বাড়িয়ে কেজেলচাকে পিছনে ফেলেন এবং ইতিহাস গড়েন। প্রথমবারের মতো অফিসিয়াল ম্যারাথনে ২ ঘণ্টার বাধা ভাঙেন তিনি।

বিবিসি ধারাভাষ্যকার স্টিভ ক্রাম এই দৌড়কে ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেন।

এদিন নারীদের বিভাগেও ইতিহাস গড়েন ইথিওপিয়ার তিগস্ত আসেফা, যিনি ২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের বিশ্বরেকর্ড ভেঙে লন্ডন ম্যারাথন জয় করেন।

এবার লন্ডনের আবহাওয়াও ছিল অনুকূলে, প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাজার হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক দৌড়।