বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অংশ হয়ে থাকা সাবেক ও বর্তমান অধিনায়কদের বিশেষ সম্মাননা জানাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠানে’ এই বিশেষ উপহার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ।
বিসিবির আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্ডের বিস্তারিত সুবিধা সম্পর্কে কিছু জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি মূলত অধিনায়কদের জন্য বিসিবির পক্ষ থেকে একটি আজীবন ‘এন্ট্রি পাস’। এই কার্ড প্রদর্শন করে সাবেক ও বর্তমান অধিনায়করা দেশের যেকোনো ক্রিকেট স্টেডিয়ামে যেকোনো আন্তর্জাতিক ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন। দেশের ক্রিকেটে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ প্রিভিলেজ কার্ড বা ‘লাইফটাইম পাস’ দেওয়া হচ্ছে।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে এই স্পেশাল এডিশন কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।’
এমনিতে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদেরকে টিকেট দেওয়া হয়। তবে সাধারণ দর্শকদের মতো টিকেট দেখিয়ে নয়, অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ এই কার্ড দেওয়া হচ্ছে। দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক, একটি আন্তর্জাতিক ম্যাচেও যারা দেশকে নেতৃত্ব দিয়েছেন, তারা পাবেন এই কার্ড।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্রে জানা গেছে, বিসিবি সভাপতি নিজেই অধিনায়কদের ফোন করে প্রাথমিকভাবে জানিয়েছেন অনুষ্ঠানের কথা। পরে বোর্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।