তথ্যপ্রযুক্তি

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে আজ (১০ মে) পালিত হচ্ছে মা দিবস। দিনটি উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। হাতে তৈরি কার্ডের আদলে তৈরি এই ডুডলে রয়েছে কাগজ কেটে বানানো অক্ষর, কার্নেশন ফুল ও ক্যাকটাসের নকশা যা সুরক্ষা ও নিঃশর্ত ভালোবাসার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গুগল তাদের ব্লগে জানিয়েছে, এই ডুডলের মাধ্যমে মা দিবস উদযাপন করা হচ্ছে। এতে হাতে তৈরি কার্ড, কাগজ কাটা অক্ষর, কার্নেশন ফুল এবং ক্যাকটাস ব্যবহার করা হয়েছে, যা সুরক্ষা ও নিঃশর্ত ভালোবাসার প্রতীক।

এ বছর ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার অর্থাৎ ১০ মে মা দিবস পালিত হচ্ছে। তবে সব দেশে একই দিনে এ দিবস উদযাপন করা হয় না। যুক্তরাজ্য ও ইউরোপের কিছু দেশে মার্চ মাসে লেন্ট ঋতুর চতুর্থ রোববার “মাদারিং সানডে” পালন করা হয়।

অন্যদিকে থাইল্যান্ডে ১২ আগস্ট, দেশটির রানি সিরিকিতের জন্মদিনে মা দিবস পালিত হয়। আবার ইথিওপিয়ায় শরৎকালে অ্যান্ট্রশট নামে কয়েকদিনব্যাপী উৎসবের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

মা দিবসের ইতিহাস বহু পুরোনো। প্রাচীন গ্রিস ও রোমে মাতৃদেবীদের সম্মানে বসন্ত উৎসব আয়োজন করা হতো। গ্রিকদের দেবী রিয়া এবং রোমানদের “ম্যাগনা মেটার” নামে পরিচিত দেবী সিবেলেকে ঘিরে নানা আয়োজন করা হতো, যেখানে ফুল ও মধুর কেক উৎসর্গ করা হতো।

মধ্যযুগীয় ইউরোপে মাদারিং সানডে নামে খ্রিষ্টীয় ধর্মীয় প্রথার সূচনা হয়। লেন্টের চতুর্থ রোববার মানুষ নিজ এলাকার প্রধান গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নিত। সময়ের সঙ্গে এটি পারিবারিক উৎসবে রূপ নেয়। গৃহকর্মীদের ছুটি দেওয়া হতো পরিবারের কাছে যাওয়ার জন্য, আর শিশুরা মায়েদের জন্য ফুল সংগ্রহ করত।

আধুনিক মা দিবস জনপ্রিয়তা পায় বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রের সমাজকর্মী আনা জার্ভিস-এর উদ্যোগে। ১৯০৮ সালে তিনি তার মায়ের স্মরণে প্রথম আনুষ্ঠানিক মা দিবসের আয়োজন করেন। তার মা আমেরিকার গৃহযুদ্ধের সময় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

পরবর্তীতে মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস হিসেবে নির্ধারণ করা হয়, যেদিন আনা জার্ভিসের মা মারা গিয়েছিলেন।

বর্তমানে মা দিবস শুধু জন্মদাত্রী মায়েদের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকেই এ দিনে দাদি-নানি, সৎমা, খালা-ফুপু, পালক মা ও অন্যান্য অভিভাবকদেরও সম্মান জানান। আবার কারও কাছে দিনটি হারিয়ে যাওয়া বা দূরে থাকা মায়ের স্মৃতিকে ঘিরে আবেগ ও বেদনারও প্রতীক।