

নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যপূরণে সরকার পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এছাড়া প্রতিশ্রুত বিদেশি অর্থছাড় না করারও অভিযোগ করছে সংস্থাটি।
রোববার (২৪ আগস্ট) দুপুরে সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে।
২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিপরীতে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র ৩.৬ শতাংশ।
সিপিডির অনুষ্ঠানে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য থাকলেও বাস্তবায়ন হতাশাজনক। ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যপূরণ করতে হলে উৎপাদন সক্ষমতা উন্নিত করতে হবে পৌনে ৩৬ হাজার মেগাওয়াটে। যেখানে প্রয়োজন হবে ৪ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগের।
এ সময় এই খাতে বিনিয়োগে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন সংশ্লিষ্টরা। উঠে আসে কর সংক্রান্ত নানা জটিলতার কথাও।
কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বিদেশি প্রতিশ্রুত অর্থছাড়ের জটিলতার কথা তুলে জ্বালানি খাতের কর্মকর্তা। বিশেষজ্ঞরা বলেন, সরকারের নেয়া জ্বালানি প্রকল্পগুলোতে অসামঞ্জস্যতার কারণে বাড়ছে দূষণ।
বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে বলে জানায় সিপিডি।