আইএমএফের ঋণ: শর্ত পরিপালনে চাপ, নয়া সংকট মধ্যপ্রাচ্য ইস্যু

আইএমএফের ঋণ: শর্ত পরিপালনে চাপ, নয়া সংকট মধ্যপ্রাচ্য ইস্যু
প্রকাশিত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অর্থছাড়ে নতুন সরকারের সঙ্গে চলছে আলোচনার প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবে সংস্থাটির উচ্চপর্যায়ের একটি দল। মূলত ঋণ কার্যক্রম চলমান থাকবে কি না, তা নিয়েই হবে আলোচনা। সামনে আসবে বকেয়া দুইটি কিস্তির অর্থছাড় এবং শর্ত পরিপালন প্রসঙ্গ। সবকিছু ঠিক থাকলে এ মাসেই হতে পারে বৈঠক।

২০২৩ সালে ৪৭০ কোটি ডলারের ঋণ বাংলাদেশের জন্য অনুমোদন করেছিল আইএমএফ। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। যার ফলে এখন মোট ঋণ দাঁড়িয়েছে ৫৫০ কোটি ডলার। এ পর্যন্ত পাঁচটি কিস্তিতে গত জুন পর্যন্ত ছাড় হয়েছে ৩৬০ কোটি ডলার। 

অন্তবর্তী সরকারের সময়ে ঋণের দুটি কিস্তির অর্থছাড় আটকে দেয় আইএমএফ। মূলত নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে চায় এই ঋণদাতা সংস্থা।

যদিও অর্থছাড় না করার পেছনে কাজ করে শর্ত পূরণ না হওয়ার দিক। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আদায়ে তেমন সাফল্য নেই। এনবিআরে সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেছেন, আগে আইএমএফের যে শর্তগুলো ছিল তার মধ্যে বড় পরিসরে আমরা যেটা পারি নাই, সেটা হলো কর আহরণ। তেলের দাম এখন ১৪-১৫ শতাংশ বেড়ে গেছে। সেটা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে। অর্থনৈতিক সংস্কার যেগুলো আছে এটাকে সামনে কীভাবে নেওয়া হবে এবং এইটা বেশ বড় আকারের একটা ক্ষেত্র; ওখানে ব্যাংকিং খাত থেকে শুরু করে সব ধরনের বিষয় আসবে।

এদিকে, আইএমএফ নয়া সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে ১০ মার্চ বৈঠক করতে চেয়েছিল। তবে তা পিছিয়ে ঈদের পর সময় নির্ধারণ হচ্ছে। আগামী ২৪ মার্চ আসতে পারে সংস্থাটির দুই সদস্যের একটি টিম। প্রশ্ন হচ্ছে, ঋণ সহায়তা এখন সরকারের জন্য কতটা প্রয়োজন?

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেন, বাজেট বাস্তবায়ন করতে গেলে তাদের সমর্থন-সহায়তা লাগবে। আর যদি আইএমএফ নেতিবাচক কোনো প্রতিবেদন দেয়, সেক্ষেত্রে অন্যান্য উন্নয়ন সহযোগীরা আর অর্থছাড় করবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধকে কেন্দ করে ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। সেটার চাপ মোকাবেলা করে আইএমএফের শর্তগুলো পূরণ, সংস্কার করা আমার মনে হয় যে অনেক বড় কাজ হবে।

উল্লেখ্য, আর্থিক টানাপড়েন কাটাতে বৈশ্বিক উৎস থেকে ঋণ ও সহায়তার জন্য তৎপরতা চালাচ্ছে অর্থ মন্ত্রণালয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com