

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিসহ যেকোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন বলে মনে করে সরকার। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ বুধবার (৬ মে) সচিবালয়ে ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বাংলাদেশ চায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজার আরও বৃদ্ধি পাক।
তিনি জানান– পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে উভয় দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হয়েছে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশ এক্সক্লুসিভ রিলেশনে নয়, ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। সে কারণে রফতানি বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে।