সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে: বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে: বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা অসুস্থ রোগীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে ব্যাংকের প্রশাসকদের অবগত করেছে বাংলাদেশ ব্যাংক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। যদিও আগেই সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছিল, তবে সকাল ১০টা ৫০ মিনিটে হঠাৎ করে জানানো হয়, সকাল ১১টায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

শাহরিয়ার সিদ্দিক বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাহক সত্যিই অসুস্থ কি না, তা যাচাই-বাছাই করা হবে। কেউ টাকা তুলতে না পারলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন।

তিনি জানান, গ্রাহকরা ইতোমধ্যে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আরও কিছুটা সময় ধৈর্য ধরার আহ্বান জানান। সবাই ধাপে ধাপে টাকা পাবেন। সরকার যেভাবে আমানত সরবরাহ করছে, সেই অনুপাতে অর্থ ছাড় করা হচ্ছে। শুরুতে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিষয়টি নতুন এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি। এমডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলেই বাংলাদেশ ব্যাংক দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।

বাংলাদেশ ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ

নিজেদের জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকশ গ্রাহক। দীর্ঘদিন ধরে আমানত ফেরত না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

কারও চিকিৎসার খরচ, কারও মেয়ের বিয়ের সঞ্চয়, আবার কারও সারাজীবনের উপার্জন—সবই আটকে আছে ব্যাংকে। মাসের পর মাস ঘুরেও কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে হতাশ গ্রাহকরা শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সামনে জড়ো হন।

তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লেনদেন স্বাভাবিক না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

২০২৪ ও ২০২৫ সালের জন্য একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন আমানতকারীরা।

একই সঙ্গে দ্রুত লেনদেন স্বাভাবিক করারও দাবি জানান তারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com