

রাজধানীতে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক নির্মাণ ও অবকাঠামোভিত্তিক প্রদর্শনী ‘সেভর সেফকন-বিল্ডএক্স ২০২৬’। তিন দিনব্যাপী এ আয়োজন SAVOR Safecon Buildex 2026 দেশের নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজধানীর International Convention City Bashundhara-এ আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখানে নির্মাণ সামগ্রী, স্টিল স্ট্রাকচার, সিমেন্ট, স্মার্ট কনস্ট্রাকশন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব (গ্রিন) বিল্ডিং সলিউশন প্রদর্শন করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, ফাইজুল আলম বলেন, সেইফকন ২০১৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের প্রধান উদ্দেশ্য ছিলো সেইফ এবং সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার এবং কন্সট্রাকশন ম্যাটেরিয়ালগুলোকে একটা প্লাটফর্মে নিয়ে আসা।
বিল্ডিং, পাওয়ার জেনারেশন, রিনিউয়েবল এনার্জি এবং ওয়াটার ম্যানেজমেন্ট ম্যাটেরিয়ালস এর মতো নিত্য প্রয়োজনীয় ব্রান্ডগুলো রয়েছে সেইফকন এর এবারের প্রদর্শনীতে। এবার দেশে পাওয়ার সাপ্লাই এর চ্যালেঞ্জ থাকায় অনেক পাওয়ার স্টোরেজ কোম্পানি, সোলার কোম্পানি আমাদের প্রদর্শনীতে যুক্ত হয়েছে।
প্রদর্শনীর পাশাপাশি WaterEx, BPLX ও Timber Tech- এর মতো সংশ্লিষ্ট খাতের আয়োজনও একই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, যা এটিকে একটি বৃহৎ শিল্পভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত করেছে।
প্রদর্শনীতে দেখা গেছে, দেশের বাজারে নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করা, ‘এসিআই ইকো-ফ্লো’।
‘ইকো-ফ্লো’ এর রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর, ‘শারন’ বলেন, এসিআই একটি সুপরিচিত বাংলাদেশী কোম্পানি, যাদের বিস্তৃত নেটওয়ার্ক আমাদের বিক্রয়োত্তর সেবাগুলো পরিচালিত করবে।
ইকো-ফ্লো একটি বড় শক্তিশালী পাওয়ার ব্যাংকের মতো যা আপনি বহন করে বাসার যে কোনো প্রান্তে সেট করতে পারবেন। ভবিষ্যতে আমরা ‘হাইব্রিড হোম সোলার পাওয়ার সিস্টেম’ এর মতো আরো অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের মানুষের জন্য আনতে যাচ্ছি।
পরিদর্শনকারীদের কাছ থেকে জানা যায়, তারা বেশিরভাগই নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে এসেছে। কেউ কেউ এসেছেন তাদের ব্যবসায়িক ধারণাকে আরেকটু মজবুত করতে। তারা এসব প্রযুক্তিকে আরো বেশি আপডেট বা শিল্পায়নযোগ্য করার বিষয়ে কথা বলেন।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন নির্মাণ খাতে নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহ জোগাবে এবং দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে সংযোগ ও বিনিয়োগের সুযোগ বাড়াবে।