

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণ ও রুপার দাম। স্পট গোল্ড একলাফে ১ শতাংশ বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে- এমন প্রত্যাশায় অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। পাশাপাশি রুপার দাম ছুঁয়েছে নতুন রেকর্ড।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ২১০ দশমিক ৯৪ ডলারে, যা ১৩ নভেম্বরের পর সর্বোচ্চ। স্বর্ণের দাম সাপ্তাহিক হিসেবে ৩ দশমিক ৬ শতাংশ এবং মাসজুড়ে ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।
টানা চতুর্থ মাসের মতো স্বর্ণের বাজারে ইতিবাচক ধারা বজায় রয়েছে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৫৪ দশমিক ৯ ডলারে স্থির হয়েছে।
টিডি সিকিউরিটিজের গ্লোবাল হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বলেন, '২০২৬ সালেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরগতিতে চলবে-এমন প্রত্যাশার সঙ্গে ফেড সুদের হার কমাতে পারে। এ কারণেই অনেক বিনিয়োগকারী আবার স্বর্ণের দিকে ঝুঁকছেন।'
তবে ভারতে বিয়ের মৌসুম চললেও অতিরিক্ত দামের কারণে খুচরা ক্রয় কমেছে। চীনে স্বর্ণ কেনায় কর ছাড় প্রত্যাহার হওয়ায় চাহিদা আরও কমেছে।
সাম্প্রতিক মার্কিন সরকারের শাটডাউন পরিস্থিতি, তার পরের দুর্বল অর্থনৈতিক তথ্য এবং ফেড কর্মকর্তাদের নরম বক্তব্য-সব মিলিয়ে সুদ কমানোর সম্ভাবনা আরও জোরদার হয়েছে। ব্যবসায়ীরা এখন ডিসেম্বরেই সুদের হার কমানোর সম্ভাবনা ৮৭ শতাংশ হিসেবে দেখছেন, যা এক সপ্তাহ আগেও ছিল মাত্র ৫০ শতাংশ।
অন্যদিকে রুপার বাজারেও দেখা গেছে বড় ধরনের উত্থান। আউন্সপ্রতি ৫৬ দশমিক ৭৮ ডলারে পৌঁছে রূপা গড়েছে নতুন রেকর্ড। দিনের হিসেবে ৬ দশমিক ১ শতাংশ এবং মাসজুড়ে ১৬ দশমিক ৬ শতাংশ দাম বেড়েছে এই ধাতুটির।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, 'গত সপ্তাহে রুপার কারিগরি চার্টগুলো আরও তেজি সংকেত দিয়েছে। তাই অনেকে এখন রুপার বাজারে জোরালোভাবে বিনিয়োগ করছেন।'
উত্থান দেখা গেছে অন্যান্য ধাতুর বাজারেও। প্ল্যাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৬৭২ দশমিক ৫০ ডলার, সপ্তাহজুড়ে যা ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। আর প্যালাডিয়ামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৪৫০ দশমিক ১৬ ডলার, সাপ্তাহিক হিসেবে যা ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে।