

নিরাপদ ও মানসম্মত পশুখাদ্য উৎপাদনে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। প্রতিষ্ঠানটি আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ অর্জন করেছে।
ইন্টিগ্রেটেড বাংলাদেশের কাছ থেকে অর্জিত এ সনদ প্রতিষ্ঠানটির খাদ্য নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদনব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আবসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টিগ্রেটেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেওয়াল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেওয়াল হাসান বলেন, আন্তর্জাতিক সনদ অর্জন কোনো এককালীন সাফল্য নয়; বরং এটি ধারাবাহিক উন্নয়নের একটি প্রক্রিয়া। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করতে এবং দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে।
আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ টি এম হারুন উল্লাহ বলেন, শুধু মুনাফা নয়, পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টি নিশ্চিত করাও প্রতিষ্ঠানের অন্যতম অগ্রাধিকার। উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সনদ অর্জন সম্ভব হয়েছে। এ অর্জনে সহযোগিতার জন্য তিনি ইন্টিগ্রেটেড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।
আকিজ রিসোর্সেসের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজ্জাকুল আমিন বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নকে সমন্বিত করা প্রয়োজন। সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, কার্যকর কর্মপরিকল্পনা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে আকিজ রিসোর্সেস দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। আন্তর্জাতিক মানের এসব সনদ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় আরও এক ধাপ এগিয়ে গেল।