

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, সাইবার বুলিংয়ের মাধ্যমে বার বার হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। অনলাইনে নারীবিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে হুমকি দেয়া হচ্ছে।
রোববার (২৪ আগস্ট) ঢাবিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে বার বার বাধা দেয়া হয়েছে। আমরা একমাত্র ছাত্র সংগঠন, যারা সচিবালয়ে যাইনি, কোনো অধিদফতরে যাইনি।
তিনি বলেন, সাইবার বুলিংয়ের মাধ্যমে আমাদের বার বার হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। নারীবিদ্বেষী কর্মকাণ্ড চলছে অনলাইনে, আমাদের নারীদের হয়রানি করা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তাদেরকে নির্বাচন করতে দিয়ে নির্বাচন প্রশাসন পক্ষপাতিত্ব করেছে, তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
আর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ কথা বলেন, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেল টিএসসিতে কমেডি শো আয়োজন করেছে, গানের আয়োজন করেছে-- যেখানে তাদের প্রচারণা চলেছে। তবে যে কোনো ধরনের আয়োজনের আগে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানাই। আমাদের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চলছে।