ভালো বিশ্ববিদ্যালয়, নাকি ভালো শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীরা আসলে কী খুঁজছে?

ভালো বিশ্ববিদ্যালয়, নাকি ভালো শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীরা আসলে কী খুঁজছে?
প্রকাশিত: 

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানের সুনাম, আন্তর্জাতিক র‍্যাঙ্কিং, পছন্দের বিষয় এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা গুরুত্বপূর্ণ বিবেচ্য। অভিভাবকদের কাছেও নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা থাকে। কিন্তু ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র স্পষ্ট হয় অন্যভাবে। নিয়মিত ক্লাস হচ্ছে কি না, শিক্ষকরা পর্যাপ্ত সময় দিচ্ছেন কি না, গবেষণার সুযোগ রয়েছে কি না, গ্রন্থাগার ও পরীক্ষাগারের সুবিধা কতটা কার্যকর, এসব অভিজ্ঞতাই নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কেমন।

এখানেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি বিশ্ববিদ্যালয়কে ভালো বলার প্রকৃত মানদণ্ড কী? আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান, দৃষ্টিনন্দন ক্যাম্পাস ও অবকাঠামো, নাকি শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও ভবিষ্যৎ গড়ে তোলার সক্ষমতা?

বাংলাদেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটলেও শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে। কিন্তু অবকাঠামোগত উন্নয়ন হলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হয় না। পাঠদানের মান, গবেষণার সুযোগ, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মান মূল্যায়নে আন্তর্জাতিক র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ একটি সূচক। টাইমস হায়ার এডুকারের ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠান ৮০১ থেকে ১০০০ অবস্থান-পরিসরে ছিল। এই র‍্যাঙ্কিংয়ে পাঠদানের পরিবেশ, গবেষণা, গবেষণার মান, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং শিল্প খাতের সঙ্গে সম্পর্ক বিবেচনা করা হয়। তবে র‍্যাঙ্কিংয়ের অবস্থান দিয়ে একজন শিক্ষার্থীর প্রতিদিনের শ্রেণিকক্ষের অভিজ্ঞতা কিংবা প্রতিটি বিভাগের শিক্ষার মান পুরোপুরি বোঝা সম্ভব নয়।

একটি ভালো শিক্ষার পরিবেশের অন্যতম ভিত্তি শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক। শিক্ষকের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু পড়ানো নয়; শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী সক্ষমতা ও গবেষণার মানসিকতা গড়ে তোলাও তাঁর ভূমিকার অংশ। শিক্ষার্থীরা যখন নির্ভয়ে প্রশ্ন করতে পারে, নিজের মতামত প্রকাশ করতে পারে এবং শিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পায়, তখন শেখার পরিবেশ কার্যকর হয়।

কিন্তু বাস্তবে অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর নিয়মিত একাডেমিক যোগাযোগের সুযোগ সীমিত। কোথাও শিক্ষকসংকট, কোথাও অতিরিক্ত শিক্ষার্থী, আবার কোথাও প্রশাসনিক দায়িত্বের কারণে শিক্ষকেরা পর্যাপ্ত সময় দিতে পারেন না। অনেক ক্ষেত্রে শ্রেণিকক্ষও মুখস্থবিদ্যাভিত্তিক। ফলে বাস্তব সমস্যা বিশ্লেষণ, দলগত কাজ ও নতুন ধারণা তৈরির সুযোগ সীমিত থাকে। এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষক নিয়োগে পাঠদানের দক্ষতা, যোগাযোগের সক্ষমতা ও আধুনিক শিক্ষণপদ্ধতি ব্যবহারের যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে।

শিক্ষার পরিবেশ বলতে শুধু ভালো শিক্ষক বা শ্রেণিকক্ষ বোঝায় না। এর সঙ্গে যুক্ত রয়েছে গ্রন্থাগার, গবেষণাগার, প্রযুক্তিগত সুবিধা, আবাসন, পরিবহন ও নিরাপত্তা। অনেক বিশ্ববিদ্যালয়ে এসব অবকাঠামো থাকলেও প্রয়োজনীয় বই, কার্যকর যন্ত্রপাতি কিংবা প্রযুক্তিগত সহায়তার অভাবে শিক্ষার্থীরা পূর্ণ সুবিধা পায় না। তাই নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি। কিন্তু গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়ন, তথ্য-উপাত্ত, গবেষণাগার, প্রশিক্ষিত তত্ত্বাবধায়ক এবং প্রকাশনার সুযোগ না থাকলে এ লক্ষ্য অর্জন কঠিন। বাংলাদেশের উচ্চশিক্ষায় গবেষণার সীমাবদ্ধতা দীর্ঘদিনের আলোচিত বিষয়। গবেষণায় পর্যাপ্ত বরাদ্দের অভাব, অর্থায়নের জটিলতা এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা এ ক্ষেত্রে বাধা তৈরি করে।

গবেষণার পাশাপাশি একাডেমিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন প্রচলিত ধারণার বাইরে গিয়ে প্রশ্ন করতে পারে, ভিন্নমত প্রকাশ করতে পারে এবং যুক্তির ভিত্তিতে বিতর্কে অংশ নিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু প্রতিষ্ঠিত ধারণার পুনরাবৃত্তির জায়গা নয়; এটি মুক্তবুদ্ধি ও যুক্তিনির্ভর চিন্তা বিকাশের প্রতিষ্ঠান।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়জীবন শুধু ক্লাস ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, স্বেচ্ছাসেবামূলক কাজ ও বিভিন্ন শিক্ষার্থী উদ্যোগের মধ্য দিয়ে ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ তৈরি হয়। কিন্তু আবাসন সংকট, নিরাপত্তাহীনতা এবং মানসিক স্বাস্থ্যসেবার অভাব অনেক শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত নিশ্চিত করা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যাচাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হলো স্নাতকদের বাস্তব জীবনে জ্ঞান ও দক্ষতা প্রয়োগের সক্ষমতা। ভালো ফলাফল নিয়ে স্নাতক হওয়ার পরও অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা, যোগাযোগের সক্ষমতা কিংবা সমস্যা সমাধানের অভিজ্ঞতার ঘাটতি অনুভব করে। এর একটি কারণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে কর্মবাজারের চাহিদার অসামঞ্জস্য। এ ব্যবধান কমাতে ইন্টার্নশিপ, প্রকল্পভিত্তিক শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু চাকরিপ্রার্থী তৈরি করা নয়। একজন শিক্ষার্থীকে সচেতন নাগরিক, গবেষক, উদ্যোক্তা, উদ্ভাবক ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবেও গড়ে তুলতে হবে। তাই কর্মসংস্থানযোগ্যতার পাশাপাশি সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশকেও শিক্ষার সাফল্যের অংশ হিসেবে দেখতে হবে।

শিক্ষার্থীদের প্রত্যাশা এক রকম নয়। কেউ গবেষণার সুযোগ চায়, কেউ ভালো শিক্ষক ও নিয়মিত ক্লাস চায়, কেউ আবার কর্মজীবনের প্রস্তুতি, আবাসন কিংবা নিরাপদ ক্যাম্পাসকে অগ্রাধিকার দেয়। তবে মানসম্মত পাঠদান, সহযোগিতাপূর্ণ শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, গবেষণার সুযোগ, একাডেমিক স্বাধীনতা ও বৈষম্যহীন পরিবেশের প্রত্যাশায় তাদের মধ্যে মিল রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়াও প্রয়োজন।

বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বা অবকাঠামোগত সম্প্রসারণের পাশাপাশি গুণগত পরিবর্তন নিশ্চিত করতে হবে। পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণায় বিনিয়োগ, গ্রন্থাগার ও পরীক্ষাগারের ব্যবহার, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং স্নাতকদের কর্মসংস্থান, সবকিছুকে মূল্যায়নের আওতায় আনা প্রয়োজন। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংকে সহায়ক সূচক হিসেবে বিবেচনা করলেও সেটিকে বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণের একমাত্র মাপকাঠি করা উচিত নয়।

একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু তার পরিচিতি, ক্যাম্পাসের সৌন্দর্য কিংবা আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সেখানে একজন শিক্ষার্থী কতটা শিখতে পারছে, নিজের চিন্তা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পাচ্ছে কি না, গবেষণায় যুক্ত হতে পারছে কি না এবং ভবিষ্যৎ জীবনের জন্য কতটা প্রস্তুত হচ্ছে, এসব প্রশ্নের উত্তরেই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মান প্রতিফলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সুনাম শিক্ষার্থীকে সেখানে ভর্তি হতে আকৃষ্ট করতে পারে, কিন্তু শিক্ষার পরিবেশই তাকে জ্ঞান অর্জন ও বিকাশের সুযোগ দেয়। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা শুধু একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের সনদ খোঁজে না; তারা এমন একটি পরিবেশ চায়, যেখানে তাদের সম্ভাবনা বিকশিত হওয়ার বাস্তব সুযোগ রয়েছে।