যমজ জিনিয়াস: দুই ভাইয়ের যত কান্ড

যমজ জিনিয়াস: দুই ভাইয়ের যত কান্ড
প্রকাশিত

যমজ সন্তানদের মধ্যে অনেক সময় বিশেষ এক ধরনের বোঝাপড়া ও প্রতিভা দেখা যায়। তারা একসঙ্গে বেড়ে ওঠার পাশাপাশি একে অপরের পরিপূরক হয়ে ওঠে। মিডিয়া দুনিয়ায় এমনই এক বিস্ময়কর যমজ জুটি হলো তাসিন ও তাজিম। অভিনয়, বিজ্ঞাপন ও নাটকে তাদের পারদর্শিতা দর্শকদের মুগ্ধ করছে।

অভিনয়ের পথচলা

তাসিন ও তাজিমের অভিনয় যাত্রা শুরু হয় জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর থেকে। প্রিয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে তাদের মা তাহিয়া শখের বসে তাদের অভিনয়ে নাম লেখান। ধীরে ধীরে তাদের কাজের পরিধি বাড়তে থাকে, এবং এখন তারা নিয়মিত অভিনয় করছে।

বড় পর্দায় অভিষেক

তাসিন ও তাজিমের প্রথম কাজ ছিল সরকারি অনুদানে নির্মিত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' চলচ্চিত্রে। এরপর তারা অভিনয় করেছে 'গলুই', 'এশা মার্ডার' ও 'বরবাদ' সিনেমায়। 'গলুই' ও 'বরবাদ' সিনেমা দুইটাতেই তারা শাকিব খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে। বিশেষ করে 'বরবাদ' সিনেমাটি এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

ওয়েব সিরিজ ও নাটকে সাফল্য

তাসিন-তাজিম অভিনয় করেছে চরকি প্ল্যাটফর্মে সাউকি সাঈদের 'গুলমোহর' ও বঙ্গতে আসন্ন থ্রিলার ওয়েব ফিল্ম 'কানাগলি' তে। তাদের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে 'সরি বাবা', 'দশটি কফিন ও ইরফানের গল্প', 'আব্বা ধরা খাইছি', 'তুমি কি আমার হবে', 'মায়ের ঈদের শাড়ি' ও 'কাটিং মাস্টার'।

বিজ্ঞাপনের জগতে উজ্জ্বল উপস্থিতি

তাসিন ও তাজিম এ পর্যন্ত ৫০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছে। এর মধ্যে রয়েছে গ্রামীণফোন, প্রাণ ক্র্যাকার্স, নেসলে, সানফ্লাওয়ার অয়েল, বিকাশ, এশিয়ান পেইন্টস, আকিজ বোর্ড, বসুন্ধরা সিমেন্ট, জি-গ্যাস, ডানো, ব্র্যাক আইটি, আস্থা ইন্স্যুরেন্স, টি-স্পোর্টস, রিং চিপস ও বিরাট-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপন। সম্প্রতি তারা অপি করিম ও শাহেদ শরীফ খানের সঙ্গে ফ্রেশ মিল্কের বিজ্ঞাপনে কাজ করেছে।

তাসিন ও তাজিম অভিনয়কে শুধু পেশা হিসেবে নয়, বরং আনন্দের অংশ হিসেবে দেখে। তারা বলে,

‘নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, অভিনয়ের মাধ্যমে চরিত্রের ভেতরে প্রবেশ করা আমাদের জন্য এক ধরনের অ্যাডভেঞ্চার। আমরা চাই এমন কিছু কাজ করতে যা মানুষ অনেক দিন মনে রাখবে।’

শিক্ষাজীবন

তাসিন ও তাজিম বর্তমানে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণিতে পড়ছে। পড়াশোনার পাশাপাশি তারা অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছে।

এই দুই প্রতিভাবান শিশু-তারকা তাদের অভিনয় দক্ষতা ও অসাধারণ উপস্থিতির মাধ্যমে শোবিজ দুনিয়ায় দারুণ সম্ভাবনা জাগিয়েছে। তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, এমনটাই আশা সকলের।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com