প্রত্যেক শিল্পীর ব্যক্তিত্ব বজায় রাখা খুবই জরুরি: বাপ্পারাজ

প্রত্যেক শিল্পীর ব্যক্তিত্ব বজায় রাখা খুবই জরুরি: বাপ্পারাজ
প্রকাশিত

চলচ্চিত্রে আবার সরব হচ্ছেন ‘ব্যর্থ প্রেমের সফল নায়ক’ হিসেবে খ্যাতি পাওয়া চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। আসন্ন ঈদে তাঁর অভিনীত ‘বিদায়’ নামে একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। পাশাপাশি বাপ্পারাজ আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে যাচ্ছেন।

নির্বাচনে অংশ নেওয়ার আগে শিল্পীদের ব্যক্তিত্ব ও অবস্থান প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, প্রত্যেক শিল্পীর কমবেশি ভক্ত থাকে। আমি বলব, প্রত্যেক শিল্পীর ব্যক্তিত্ব বজায় রাখা খুবই জরুরি। একজন ভালো শিল্পী হওয়ার পূর্বশর্ত হচ্ছে ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থাকা।

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, অনেক দিন ধরেই শিল্পীদের সুবিধা-অসুবিধাগুলো বোঝার চেষ্টা করছিলাম। অনেক শিল্পীই আমার সঙ্গে যোগাযোগ করেন, নানা বিষয়ে আলোচনা করেন। আমিও তাঁদের সমস্যার সমাধান করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, একসময় মনে হলো, আনুষ্ঠানিকভাবে কোনো পদে থাকলে শিল্পীদের সেবা করতে সুবিধা হবে। আমার আব্বা নায়করাজ রাজ্জাক শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আব্বাকে দেখেছি সব সময় শিল্পীদের পাশে দাঁড়াতে। আমিও সেই পথে হাঁটতে চাই।

নতুন করে সিনেমায় কাজ প্রসঙ্গে ‘প্রেমের সমাধি’ সিনেমার নায়ক বাপ্পারাজ বলেন, মাঝেমধ্যে সিনেমার প্রস্তাব আসে। যেগুলো আসে, সেগুলো পছন্দ হয় না। প্রায় চার দশকের ক্যারিয়ার। এখন তো শুধু কাজের জন্য কাজ করলে চলবে না। দর্শকের প্রতি একটি দায়বদ্ধতাও আছে।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। এমনকি বিগত সময়ে কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। এবার তাঁদের দুই সন্তান, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, লড়বেন বাবা-মায়ের দেখানো পথে।

গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কার্যনির্বাহী পরিষদের ২০২৪–২৬ মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন, অর্থাৎ ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

বাপ্পা ও মুক্তি ছাড়া আরেকটি প্যানেল হওয়ার কথা শোনা যাচ্ছে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com