

লক্ষণ প্রকাশের ৪ দিন আগে থেকে হাম ছড়াতে শুরু করে, জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর আয়োজনে হামে করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হামের পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাব শেষ হতে অনেক সময় লাগবে। তবে, হামের ঊর্ধ্বমুখী প্রবণতা কমতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে। অবিলম্বে সারাদেশে হামের গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে।
তিনি আরো বলেন, হাম নিয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। লক্ষণ প্রকাশের ৪ দিন আগে থেকে হাম ছড়াতে শুরু করে। তাই জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই হাসপাতালে সব স্তরের চিকিৎসা না দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক সেবা প্রতিষ্ঠান চিহ্নিত করতে হবে। টিকা নিয়ে ভুল ধারণা ও গুজব মোকাবিলায় জনসচেতনতা কার্যক্রম চালু করতে হবে।