দক্ষিণ কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংসের‘ হুঁশিয়ারি কিমের, যুক্তরাষ্ট্রকে ‘শত্রুতা’ বন্ধের আহ্বান

দক্ষিণ কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংসের‘ হুঁশিয়ারি কিমের, যুক্তরাষ্ট্রকে ‘শত্রুতা’ বন্ধের আহ্বান
প্রকাশিত

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার বাহিনী চাইলে দক্ষিণের প্রতিবেশীকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, কোনো বিষয়ে সংলাপ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ংয়ের প্রতি ‘শত্রুতামূলক’ নীতি পরিত্যাগ করতে হবে।

স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) বৈঠক শেষে কিম বলেন, ওয়াশিংটন যদি ‘সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান অবস্থানকে সম্মান করে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে’, তাহলে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠার পথে কোনো বাধা থাকবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ভাষণে কিম পারমাণবিক সজ্জিত সেনাবাহিনীকে শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা উন্নয়নের আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ওপর জোর দেন কিম।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত অগ্রগতি দেশটির পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থানকে ‘স্থায়ীভাবে সুদৃঢ়’ করেছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, পাঁচ বছর পরপর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে দেশজুড়ে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেন। বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম ইল সুং স্কয়ারে কিম জং ও তার মেয়ে কিম জু অ্যা জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন করছেন।

প্রতিবেদনে বলা হয়, কুচকাওয়াজে কিমের মেয়ে কিম জু অ্যার উপস্থিতি তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে—এমন জল্পনা আরও জোরালো করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com