

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শুভেন্দু অধিকারী।
শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিঠ চাপড়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দুকে অভিনন্দন জানান।
এদিন নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। পরে অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শেষে নিশীথ প্রামাণিক।
মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। শুভেন্দু অধিকারীকে শপথ পাঠ করান রাজ্যপাল আর. এন. রবি। শপথের মাধ্যমে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭টি আসন জয় করে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটালো।
এসময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়াও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।