

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন। একইসঙ্গে তেহরানের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংবাদসংস্থা আরআইএ নভোস্তির বরাতে আল জাজিরা জানিয়েছে, আজ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
বৈঠকে পুতিন বলেন, রাশিয়া আশা করে ইরানের জনগণ ‘কঠিন সময়’ অতিক্রম করবে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে।
সংবাদসংস্থা আরআইএ জানায়, ইরান ও ওই অঞ্চলের অন্যান্য দেশের স্বার্থে রাশিয়া সবকিছু করবে বলেও উল্লেখ করেন পুতিন।
পুতিন বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশা করি, ইরানের জনগণ নতুন নেতৃত্বের অধীনে এই কঠিন পরীক্ষার সময় পার করবে এবং শান্তি আসবে।’
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানের প্রতি সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
পুতিনের বিপরীতে বসে আরাঘচি বলেন, ‘আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি—রাশিয়ান ফেডারেশনের মতো ভালো বন্ধু ইরানের রয়েছে।’
আরাঘচি জানান, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
তিনি বলেন, ‘সমগ্র বিশ্ব দেখেছে যে ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে আমেরিকার হামলা ও আগ্রাসন মোকাবিলা করতে পেরেছে। এই সময়টিও তারা অতিক্রম করতে পারবে।’