দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার
প্রকাশিত

ভারতের রাজধানী দিল্লিগামী একটি রাজধানী এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে রাজস্থানের কোটায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রেল কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটের দিকে কোটার নিকটবর্তী বিক্রমগড় আলট রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে। ওই কোচে মোট ৬৮ জন যাত্রী ছিলেন।

নিরাপত্তার স্বার্থে আগুন লাগা কোচটি ট্রেন থেকে দ্রুত বিচ্ছিন্ন করা হয় এবং ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে থাকে। আগুন রেললাইনের পাশের কিছু গাছেও ছড়িয়ে পড়ে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। যাত্রা অব্যাহত রাখতে তাদের অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেনটির পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধারে কোটায় একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। 

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে এবং শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন পৌঁছানোর কথা ছিল। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রমের পর জাতীয় রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে থাকতেই আগুনের ঘটনা ঘটে। এর একদিন আগে শুক্রবার, হায়দরাবাদ রেলস্টেশনে যাত্রার প্রস্তুতিকালে হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না এবং কেউ হতাহত হননি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত কোচগুলো বিচ্ছিন্ন করা হয়।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com