

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত উত্থাপন করেছে, যা তারা অতীতে সামরিক শক্তি দিয়েও অর্জন করতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াশিংটনের অবস্থানকে ‘অতিরিক্ত উচ্চাভিলাষী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন না করলে কোনো চুক্তির সম্ভাবনা কম। বিশেষ করে হরমুজ প্রণালি ইস্যুটি এখনো দুই দেশের মধ্যে বড় বিরোধের কারণ হয়ে রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ স্পষ্ট করেছে, কিন্তু ইরান তা মেনে নেয়নি।
দুই দেশের বিশেষজ্ঞরা এখনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মতপার্থক্য কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।