

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার জানিয়েছেন, ফ্রান্স ও তার মিত্ররা আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি রুশ তেলবাহী ট্যাংকার আটক করেছে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘টাগর’ নামের ট্যাংকারটিকে রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়। এ অভিযানে ব্রিটেন ও অন্যান্য অংশীদার দেশ সহায়তা করেছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মাখোঁ বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা ও চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চালিয়ে যাওয়া যুদ্ধে অর্থায়নের জন্য এই জাহাজ ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।