ইরান চুক্তিতে আরও কয়েকদিন সময় লাগতে পারে: মার্কো রুবিও

ইরান চুক্তিতে আরও কয়েকদিন সময় লাগতে পারে: মার্কো রুবিও
প্রকাশিত

ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৬ মে) ভারতের জয়পুর সফরকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর একদিন আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালায়, যাকে ওয়াশিংটন প্রতিরক্ষামূলক হামলা হিসেবে বর্ণনা করেছে।

রুবিও বলেন, হরমুজ প্রণালি খোলা থাকতে হবে, যেভাবেই হোক তা খোলা থাকবে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক ইস্যুতে বাস্তব, গুরুত্বপূর্ণ ও সময়সীমাবদ্ধ আলোচনা নিয়ে খুব শক্তিশালী প্রস্তাব টেবিলে রয়েছে।

তিনি আরও বলেন, অন্য কোনো পথ বিবেচনার আগে যুক্তরাষ্ট্র কূটনীতিকে সফল হওয়ার পূর্ণ সুযোগ দেবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সোমবার (২৫ মে) এক বিবৃতিতে জানায়, ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের রক্ষার উদ্দেশ্যে নতুন হামলা চালানো হয়েছে। তবে ইরানের দাবি, তারা একটি শত্রুভাবাপন্ন স্টেলথ ড্রোন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে। তবে সেটি কোথা থেকে এসেছে তা জানানো হয়নি।

এদিকে, সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে আলোচনা ব্যর্থ হলে নতুন হামলার হুঁশিয়ারিও দেন। তিনি লেখেন, এটি সবার জন্য একটি চমৎকার চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তবে ৮ এপ্রিল থেকে অস্থায়ী যুদ্ধবিরতি চালু থাকলেও মাঝে মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে রয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও চলাচল, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের জব্দকৃত অর্থ ফেরত।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com