

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস লেবাননে ইসরাইলের প্রাণঘাতী হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে ‘গুরুতর ঝুঁকির’ মুখে ফেলছে বলে বুধবার সতর্ক করেছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানায়, বিবৃতিতে বলা হয়, ‘লেবাননে চলমান সামরিক তৎপরতা যুদ্ধবিরতি এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী ও সমন্বিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। মহাসচিব সব পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করছেন।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরাইলি হামলায় ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছেন। রাজধানী বৈরুত যুদ্ধ শুরুর পর সবচেয়ে তীব্র বোমাবর্ষণের শিকার হয়েছে।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রতিক্রিয়া।
মঙ্গলবার রাতে ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, ইসরাইল জানিয়েছে লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়।
এর জবাবে হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলের দিকে রকেট ছুড়েছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুদ্ধবিরতি নিয়ে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন।
জাতিসংঘের মুখপাত্র বলেন, ‘বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় মহাসচিব তীব্র নিন্দা জানিয়েছেন এবং বেসামরিকদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতিতে গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি আরও বলেন, ‘এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। মহাসচিব সব পক্ষকে কূটনৈতিক পথ ব্যবহারের আহ্বান জানিয়ে যাচ্ছেন।’
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) লেবাননে ‘হত্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রা’কে ‘ভয়াবহ’ বলে নিন্দা জানিয়েছে।
তুর্ক বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন হত্যাযজ্ঞ অকল্পনীয়।’
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও যুদ্ধবিরতির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।