

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ায় খুশি হয়েছে চীন।
বুধবার (১৫ এপ্রিল) তার নিজস্ব সামাজিকমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেছেন।
এতে ট্রাম্প বলেন, আমি যে হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, তাতে খুব খুশি চীন। আমি এটা তাদের (চীন) জন্যও করছি এবং সারা বিশ্বের জন্যও করছি। এরকম পরিস্থিতি (প্রণালি বন্ধ) আর কখনও ঘটবে না।
তিনি দাবি করেন, ইরানে অস্ত্র না পাঠাতে রাজি হয়েছে চীন এবং তিনি কয়েক সপ্তাহ পর সেখানে (চীনে) গেলে তাকে আলিঙ্গন করবে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং।
ট্রাম্প আরও বলেন, তারা বুদ্ধিমত্তার সাথে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছে। যেটা লড়াইয়ের চেয়ে ভালো। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মনে রাখবেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র অন্য সবার চেয়ে অনেক ভালো লড়াই করতে পারদর্শী।