

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্যাসিনো রিসোর্টের উদ্বোধনে ‘সামান্য’ বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কোম্পানির প্রধান নির্বাহী।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, এই রিসোর্টটি পরিচালনা করবে মার্কিন কোম্পানি উইন রিসোর্টস।
প্রতিষ্ঠানটির সিইও ক্রেইগ বিলিংস বলেন, 'লজিস্টিকস ও শিপিং খাতে কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছি, তবে সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজন অনুযায়ী আমরা রুট পরিবর্তন ও বিকল্প উপকরণ সংগ্রহ করছি।'
তিনি আরও জানান, প্রকল্পের উদ্বোধনে 'সামান্য বিলম্ব' হতে পারে এবং আগামী কয়েক মাসের মধ্যে উদ্বোধনের সময়সূচি জানানো হবে। তবে ২০২৭ সালেই উদ্বোধনের টার্গেট রয়েছে।
উইন রিসোর্টস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা লাস ভেগাস, বোস্টন এবং চীনের ম্যাকাওতে ক্যাসিনো পরিচালনা করে।
২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায় কোম্পানিটি। দেশটিতে বর্তমানে 'জুয়া' সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রতিষ্ঠানটি এখন রাস আল খাইমাহ প্রদেশের আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে, যেখানে ১,৫৪২টি রুম থাকবে এবং গেমিং সুবিধাও থাকবে।
এদিকে হরমুজ প্রণালি ঘিরে চলমান অবরোধ ও সংঘাতের কারণে এই অঞ্চলের বাণিজ্য, জ্বালানি পরিবহন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল