

শুভেন্দু অধিকারীই হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । তিনিই হবেন বাংলার প্রথম ভারতীয় জনতা পার্টি(বিজেপি)-এর মুখ্যমন্ত্রী।
আজ শুক্রবার (৮ মে) বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সকালে রাজ্য সরকার গঠন এবং মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকেই বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।
এদিকে, মুখ্যমন্ত্রী যে শুভেন্দুই হচ্ছেন, তা নিয়ে কৌতূহল থাকলেও খুব একটা সংশয় ছিল না পদ্ম শিবিরে। ভোটের ফল ঘোষণার পর থেকে মুখ্যমন্ত্রীর পদে তাকেই সবচেয়ে জোরালো দাবিদার বলে মনে করা হচ্ছিল। কারণ, তিনি পর পর দুইবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোটের লড়াইয়ে পরাস্ত করেছেন।
এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন। জিতেছিলেন ১৯৫৬ ভোটে। নিজের ঘরের মাঠে মমতাকে হারানোর পর এবার মমতার পাড়ায় এসে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুটি কেন্দ্র থেকে ভোটে লড়েছেন তিনি। মমতার বিরুদ্ধে শুধু জয়ই পাননি, আগের চেয়ে সেই জয়ের ব্যবধানও অনেক বাড়িয়েছেন তিনি। ভবানীপুরে মমতাকে হারিয়েছেন ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে।