

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখন প্রায় 'শেষের পথে'। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরও দুই থেকে তিন সপ্তাহ থাকতে পারে এবং এই সময়ে ইরানে 'অত্যন্ত তীব্র হামলা' হতে পারে।
স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া প্রাইমটাইম ভাষণে ট্রাম্প বলেন, "আজ রাতে আমি সন্তুষ্টির সঙ্গে বলতে পারি, আমাদের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূর্ণতার পথে।"
তিনি আরও বলেন, "আমরা সবই করেছি। তাদের নৌবাহিনী শেষ। তাদের বিমানবাহিনীও শেষ। তাদের ক্ষেপণাস্ত্রভাণ্ডার প্রায় ফুরিয়ে গেছে বা অকার্যকর হয়ে পড়েছে। সব মিলিয়ে, এই পদক্ষেপগুলো ইরানের সামরিক সক্ষমতাকে পঙ্গু করে দেবে, সন্ত্রাসী মদদপুষ্ট গোষ্ঠীগুলোকে সহায়তা করার তাদের সক্ষমতা গুঁড়িয়ে দেবে এবং তাদের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও নষ্ট করবে।"
একই সঙ্গে ভাষণে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া আরও জোরদার হতে পারে।
ট্রাম্প বলেন, "আগামী দুই থেকে তিন সপ্তাহে আমরা তাদের ওপর অত্যন্ত তীব্র আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে দেব, যেখানে তাদের থাকার কথা।"
প্রেসিডেন্ট আরও বলেন, "এদিকে আলোচনা চলছে। শাসন পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না। আমরা কখনো শাসন পরিবর্তনের কথা বলিনি। কিন্তু তাদের আগের সব নেতার মৃত্যুর কারণে শাসন পরিবর্তন ঘটে গেছে। তারা সবাই মৃত।"
ইরানকে 'প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া' এর কথা আগেও বলেছেন ট্রাম্প।
বুধবার দিনে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। তবে তিনি বলেছেন, ইরান হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার পরই কেবল ওই অনুরোধ বিবেচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত, তিনি লেখেন, 'আমরা ইরানকে নিশ্চিহ্ন করে দিচ্ছি' এবং 'প্রস্তর যুগে ফিরিয়ে দিচ্ছি!!!'
এর আগে আরেক ভাষণে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরান অভিযান শেষ হতে পারে।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে। এদিন ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেহরান তার পার্শ্ববর্তী উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর হামলা এখনও অব্যাহত রেখেছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সেসব জায়গায় মার্কিন ঘাঁটি কিংবা স্থাপনা রয়েছে সেখানে। একইসঙ্গে হামলা চলছে ইসরায়েলেও।