

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ মোট এগারোটি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার তিনটি বিচারাধীন হত্যা মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক পৃথক তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় আরও তিনটি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ আটটি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে একাধিক অভিযোগ রয়েছে যেগুলো বর্তমানে তদন্তাধীন।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর পল্টন, বনানী, কোতয়ালী, মিরপুর মডেল ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে ডিএমপির ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মাসুদ ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে নির্বাচনে আগ্রহী প্রার্থী হিসেবে প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।
তবে আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠলে তিনি আওয়ামী লীগের পরামর্শে জাতীয় পার্টিতে যোগদান করেন ও জাতীয় পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য করা হয় এবং তিনি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। পরে জাতীয় পার্টির মনোনয়নে তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান