হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে (০০৩০ ঘণ্টা) হেমায়েতপুর আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহলের সময় সেনাবাহিনীর একটি দল সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক যাচাইয়ে জানা যায়, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। অপর আটক ব্যক্তিও মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সব আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমবে বলে তারা আশা করছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com